দুই বিদেশি খুন নিয়ে অপপ্রচার করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, দুই বিদেশি নাগরিক খুনের সুষ্ঠু তদন্ত না করে সরকার ‘বিরোধী দলকে’ সম্পৃক্ত করতে অপপ্রচার শুরু করেছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
গতকাল বুধবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বিদেশি নাগরিকসহ সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, সরকার বরাবরের মতোই তাদের ব্যর্থতা ঢাকবার জন্য, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করে বিরোধী দল ও মতকে দমন করতে চাইছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, ইতিমধ্যে বিরোধী নেতাদের হয়রানি ও নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হকসহ যশোরের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসমাইল, রংপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ-উন-নবী, বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় কোনো সুষ্ঠু তদন্ত না করে বিএনপিকে দোষারোপ করে প্রকৃত ঘটনা থেকে জনগণের ও আন্তর্জাতিক দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে সরকার।