দুই বিদেশি নাগরিক খুনের সঙ্গে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে দলটি। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাংসদ হামিদুর রহমান আজাদ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে জামায়াতে ইসলামীর কারও সম্পর্ক নেই। জামায়াতের সঙ্গে আইএসের সম্পর্ক আছে বলে প্রতিবেদনে যে মন্তব্য করা হয়েছে, তাও সম্পূর্ণ মিথ্যা। সরকারের ব্যর্থতা আড়াল করার হীন উদ্দেশ্যেই টাইমস অব
ইন্ডিয়ার প্রতিবেদনে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অতীতেও পত্রিকাটির এ ধরনের প্রচারণা মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে তারা যে মিথ্যা প্রচারণা চালিয়েছে, তাও শিগগির মিথ্যা প্রমাণিত হবে।
টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনের ভিত্তিতে ৭ অক্টোবর প্রথম আলোয় একটি খবর প্রকাশিত হয়।