দুই বিদেশি হত্যায় খালেদাকে জড়ানো হাস্যকর: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি ও খালেদা জিয়াকে জড়িয়ে দেওয়া সরকারপক্ষের বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাঁর মতে বিএনপিকে হেয় করতে এ ধরনের কথা বলা হচ্ছে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিদেশ থেকে ফিরে এসে কোনো খবর না নিয়েই প্রধানমন্ত্রী বললেন যে বিদেশি হত্যার সঙ্গে বিএনপি-জামায়াত জড়িত। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে এর সঙ্গে জামায়াত জড়িত থাকতে পারে। এখন বলা যায় না, প্রধানমন্ত্রী তাঁর মতামত বদলাতেও পারেন। কিন্তু তারপরও হয়তো বিএনপির কথা বলতেই থাকবেন।’
দুই বিদেশি হত্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে বক্তব্য দেওয়ার সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, কথায় কথায় প্রতিপক্ষকে জঙ্গি বা জঙ্গি সমর্থক বা উসকানিদাতা ইত্যাদি বলে চিহ্নিত করার চেষ্টা করতে করতে বাংলাদেশকে সারা বিশ্বের সামনে প্রশ্নবোধক করে রাখা হয়েছে।