দুই বিদেশি হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে: হানিফ
দুই বিদেশি নাগরিককে হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
রাজধানীর ধানমন্ডিতে গতকাল বুধবার আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সভায় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে সোহ্রাওয়ার্দী উদ্যানে আয়োজিত ২ নভেম্বরের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার সময় সচেতন মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল যে তিনি কোনো ষড়যন্ত্র করতে যাচ্ছেন। এখন সেই ষড়যন্ত্র সত্যি বলে প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যেতে এসব করছে।
দুই বিদেশি হত্যাকাণ্ডের পেছনে আইএসের হাত আছে বলে বিদেশিদের সরব হওয়ার বিষয়ে সমালোচনা করেন হানিফ। তিনি বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই।