উপযুক্ত তদন্তের মাধ্যমে দুই বিদেশি হত্যায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলছে, বিএনপির নেতাদের গ্রেপ্তার করে সরকার প্রকৃত ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে।
গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের এ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, দেশে দুজন বিদেশি নিহত হয়েছেন। এটা দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। কিন্তু এই হত্যার সুযোগে বিএনপির নেতাদের গ্রেপ্তার করাটা প্রকৃত ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর নামান্তর। তিনি বলেন, ‘তদন্ত ছাড়াই প্রধানমন্ত্রী যেভাবে আমাদের দল ও নেতৃবৃন্দকে অভিযুক্ত করেছেন, তাতে মনে হয় তদন্ত সংস্থা বা কোনো বিচারালয়ের প্রয়োজন হবে না। এখন তাঁরা তদন্ত ছাড়া আসামি নির্ধারণ করবেন এবং সাজা দেবেন।’
স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে যশোরে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে মামলা দায়ের, দুই বিদেশি হত্যায় বিএনপিকে জড়ানোসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড়ের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের কাছে স্পষ্ট জানতে চাই, তারা কি দেশে অন্য কাউকে রাজনীতি করতে দেবে, না দেবে না।’
গ্রেপ্তারের প্রতিবাদ: গতকাল বিকেলে এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও দক্ষিণখান থানার সভাপতি নবী হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান।