দুই বিদেশিকে হত্যার নির্দেশ লন্ডন থেকে: হানিফ

দুই বিদেশিকে হত্যার নির্দেশ লন্ডন থেকে এসেছে দাবি করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
রাজধানী ঢাকার ধানমন্ডিতে আজ বুধবার আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভায় হানিফ এসব কথা বলেন। জেল হত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বরের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, খালেদা জিয়া লন্ডনে যাওয়ার সময় সচেতন মানুষের মধ্যে সন্দেহ হয়েছিল তিনি কোনো ষড়যন্ত্র করতে যাচ্ছেন। এখন সেই ষড়যন্ত্র সত্যি বলে প্রমাণিত হয়েছে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যেতে এসব করছে।
দুই বিদেশি হত্যাকাণ্ডের পেছনে আইএসের হাত আছে বলে বিদেশিদের সরব হওয়ার বিষয়ে সমালোচনা করেন হানিফ। তিনি বলেন, বাংলাদেশে কোনো আইএস ও জঙ্গি নেই। এখানে আছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও মানুষ হত্যা। জেএমবি, হরকাতুল জিহাদ এগুলো তাদেরই সৃষ্টি।