দুই বড় জোট জনগণের জন্য কাজ করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন ১৪-দলীয় এবং বিরোধী ২০-দলীয় জোট দেশ ও জনগণের জন্য কাজ করে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, তারা ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে রাজনীতি করে। দুই বৃহৎ জোটের সঙ্গে ইসলামী আন্দোলনের নীতি-আদর্শের কোনো মিল নেই।

গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।

নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে চরমোনাইর পীর বলেন, তাঁরা সব ইসলামি দল নিয়ে জোট করার পক্ষে। তবে নীতি ও আদর্শের মিল হলেই তা সম্ভব হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সেই পরিবেশ তৈরি হলেই ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নেবে।

চরমোনাইর পীর বলেন, ‘দুনিয়ার কোথাও সুপ্রিম কোর্টের সামনে মূর্তি নেই। ৯২ ভাগ মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে কীভাবে মূর্তি স্থাপিত হলো। ১৭ রমজানে এর বিরুদ্ধে বিক্ষোভ হবে। এরপর মূর্তি না সরালে ঈদের পর সুপ্রিম কোর্ট ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব।’

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, আশরাফ আলী আকন, এ টি এম হেমায়েত উদ্দিন, গাজী আতাউর রহমান প্রমুখ।