দুই ভাইকে সামাল দিতে হিমশিম প্রশাসনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুই ভাই। তবে নির্বাচনের মাঠে দুজনের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ বাধছে মাঝেমধ্যেই। এ নিয়ে উপজেলা এবং পুলিশ প্রশাসনও উদ্বিগ্ন।
বড় ভাই আবদুল হান্নান ইসলামপুর ইউপিতে এর আগে তিনবার চেয়ারম্যান ছিলেন। বিএনপির সমর্থক হলেও এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করছেন। ছোট ভাই সুলেমান মিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন।
দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সর্বশেষ সংঘর্ষ হয় ৬ মে। এদিন ইউনিয়নের কুরমা চা-বাগান এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বড় ভাই হান্নানের ২০ জন সমর্থক আহত হন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ থানার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে দুই প্রার্থীকে নিয়ে বৈঠক করে সমঝোতা করে দেন।
তবে গত শুক্রবার গভীর রাতে পুলিশ বড় ভাই হান্নানের দুই সমর্থক ভাগনে আবদুর রউফ ও ভাতিজা শামীম আহমদকে বাড়ি থেকে গ্রেপ্তার করলে আবার উত্তেজনা শুরু হয়। তাঁদের গ্রেপ্তার করতে গিয়ে সমর্থকদের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ।
গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে হান্নানের সহস্রাধিক সমর্থক গত শনিবার ৩০ কিলোমিটার পথ হেঁটে গিয়ে কমলগঞ্জ থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। একপর্যায়ে ইউএনও মাহমুদুল হক নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রার্থী হান্নান ও কমলগঞ্জ থানার কর্মকর্তাদের জরুরি বৈঠকে বসিয়ে পরিস্থিতি সামলান।
স্বতন্ত্র প্রার্থী আবদুল হান্নান অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলেমান মিয়া একটি বিশেষ মহলের ইন্ধনে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। সুলেমান মিয়ার বক্তব্য জানতে বারবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে তাঁর ছেলে লিমন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, প্রার্থী হান্নানের সমর্থকেরাই তাঁদের ওপর হামলা চালাচ্ছেন।
ইউএনও মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, বারবার বৈঠকে বসিয়েও তিনি উত্তেজনা পুরোপুরি প্রশমন করতে পারেননি। এটা রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায় কি না, তা নিয়ে প্রশাসন শঙ্কিত।
মৌলভীবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীনও একই শঙ্কা প্রকাশ করেন। তবে তিনি বলেন,
ইসলামপুর ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।