দুই ভাইয়ের দ্বন্দ্বে বিপদে আওয়ামী লীগের প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাই সাইমুম সরওয়ার কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ। বড় ভাই সোহেল সরওয়ার রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি। একই দল করলেও স্থানীয় রাজনীতি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। নির্বাচন এলেই এই বিরোধ চাঙা হয়। এবারের ইউপি নির্বাচনেও এই দ্বন্দ্ব দলের প্রার্থীদের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন নেতা-কর্মীরা।
২৮ মে পঞ্চম ধাপে রামু উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন হবে অবশিষ্ট আরও ছয়টি ইউপির নির্বাচন। কিন্তু প্রতিটি ইউপিতে দলের একাধিক প্রার্থী থাকায় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। নেতা-কর্মীরা বলছেন, দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ফতেখাঁরকুল গ্রামের ভোটার আবদুল মোনাফ বলেন, দুই ভাই দুই প্রার্থী নিয়ে তৎপর। ভোটের দিন গন্ডগোল হতে পারে বলে তাঁর আশঙ্কা।
রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পাঁচ ইউনিয়নের ৪৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টিই ঝুঁকিপূর্ণ। তবে অধিক ঝুঁকিপূর্ণ ১৯টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগে একাধিক প্রার্থীর কারণে মানুষের মধ্যে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে।
ভোটাররা বলছেন, আওয়ামী লীগে একাধিক প্রার্থী থাকায় সুবিধা পাবেন বিএনপির প্রার্থীরা। বিএনপির প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে গণসংযোগ চালালেও আওয়ামী লীগের প্রার্থীরা এখনো দলের ‘বিদ্রোহী’ সামাল দেওয়া নিয়ে ব্যস্ত।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম বলেন, ২৮ মে উপজেলার ঈদগড়, গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোঁপ ও রশিদনগর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ঈদগড় ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের ইউনিয়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ওরফে ভুট্টো। দুজনই গতকাল বৃহস্পতিবার সমর্থকদের নিয়ে নিজ নিজ এলাকার গণসংযোগ করেন।
নুরুল ইসলাম বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে কেন্দ্র তাঁকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন ভুট্টো। ভুট্টোর পক্ষে সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম প্রচারণা চালাচ্ছেন। এতে দলের সমর্থকেরা বিভ্রান্ত হচ্ছেন।
তবে ফিরোজ আহমদ ভুট্টু বলেন, জনগণের ভোটে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি ভোটারদের চাপে ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী তাঁর সঙ্গে আছেন।
পাশের গর্জনিয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী। তিনি এর আগেও একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি সাংসদের অনুসারী।
তৈয়ব উল্লাহ চৌধুরীর দাবি, বিএনপি প্রার্থীকে জেতাতে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম।
কচ্ছপিয়া ইউপিতে দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন। ‘বিদ্রোহী’ হিসেবে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকের আহমদ। রশিদনগর ইউপিতে মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজল আহমদ। বিদ্রোহী হিসেবে লড়ছেন সিরাজুল ইসলাম।
কাউয়ারখোপ ইউপিতে দলের মনোনয়ন পেয়েছেন শফিউল আলম। বিদ্রোহী হিসেবে লড়ছেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল প্রথম আলোকে বলেন, তৃণমূলের মতামতের ভিত্তিতে রামুর প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থীকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু সাংসদ সাইমুম সরওয়ার এই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিটি ইউনিয়নে ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড় করিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার বলেন, শেখ হাসিনার সিদ্ধান্তকে অমান্য করে সাংসদ সাইমুম সরওয়ার ঘোষণা দিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড় করিয়েছেন। নৌকার ভরাডুবি হলে তার দায়দায়িত্ব সাংসদকেই নিতে হবে। এ ব্যাপারে কেন্দ্রকে অবগত করা হয়েছে।
ভাইয়ে ভাইয়ে রাজনৈতিক সংঘাত প্রসঙ্গে বড় ভাই সোহেল সরওয়ার বলেন, ‘ছোট ভাই ভুল করলে প্রশ্রয় দেওয়া অন্যায়। যা করছি দলের জন্য করছি।’
এ বিষয়ে সাইমুম সরওয়ার প্রথম আলোকে বলেন, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করার প্রশ্নই আসে না। নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকে রামুতেও যাইনি। দলের সিদ্ধান্তে যেখানে (রামু) প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানে ‘বিদ্রোহী’ দাঁড় করানোর প্রশ্নই আসে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, ঘূর্ণিঝড়-দুর্যোগ মোকাবিলাসহ নানা ব্যস্ততার কারণে রামুর ‘বিদ্রোহী’ প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।