দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার চতুল ইউনিয়নের সুখদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মায়ের কুলখানি উপলক্ষে গতকাল রহমান শেখ নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেন। তাঁর ভাই কাছেদ শেখও নিজ বাড়িতে আলাদাভাবে মিলাদের আয়োজন করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রহমান শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়। তাঁর ছেলে মুনছুর শেখ (৩০), মেয়ে হাসিনা বেগম (৩৫), রূপসী বেগম (২৫) ও কাছেদ শেখের সমর্থক ইব্রাহিম শেখ (৪০) আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রহমান শেখ জানান, গ্রাম্য দলাদলির শিকার হয়ে তাঁর ভাই আলাদাভাবে মিলাদের আয়োজন করেছিলেন। তাঁর লোকজনই হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে।

এ সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন কাছেদ শেখ। তিনি বলেন, ‘প্রথমে ভাইয়ের সমর্থকেরা চাচাতো ভাই ইব্রাহিমকে (৪০) মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এর জেরে রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।