দুই মন্ত্রীর অপসারণের দাবি চার সংগঠনের
ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে অপসারণের দাবি করেছেন প্রগতিশীল চারটি সংগঠনের নেতারা। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে সমাবেশ করে চারটি সংগঠন।
সংগঠনগুলো হচ্ছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠী ও খেলাঘর। চার সংগঠনের যৌথ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি প্রবাল দে। বক্তব্য দেন খেলাঘর চট্টগ্রাম নগর কমিটির সহসভাপতি কবি আশীষ সেন, গণজাগরণ মঞ্চের সংগঠক সুনীল ধর, যুব ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটির সহসাধারণ সম্পাদক প্রীতম দাশ, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি মুহাম্মদ গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। এটি প্রশংসনীয় কার্যক্রম। কিন্তু এবার প্রথম দিন ভুলে ভরা পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ পাঠ্যপুস্তকের মাধ্যমে দেশে ধর্মান্ধ, সাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা চালুর অপচেষ্টা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁদের দাবি, পাঠ্যপুস্তক প্রণয়নের মাধ্যমে হেফাজতে ইসলাম ও চরমোনাই পীরের দাবি পূরণ করা হচ্ছে। এ ছাড়া রণেশ দাশগুপ্ত ও হুমায়ুন আজাদের মতো প্রগতিশীল লেখকদের লেখা এবার বাদ দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তকে লৈঙ্গিক বৈষম্যও সৃষ্টি করা হয়েছে।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, এনসিটিবির চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।