দুই মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রী হিসেবে থাকার নৈতিক অধিকার নেই বলে মনে করে বিএনপি।

আজ রোববার আদালতের রায়ের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিক্রিয়া জানান।
দুই মন্ত্রীর রায়ের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল উচ্চ আদালতের এই রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি বলেন, তাঁরা মনে করেন, এই রায়ের পরে দুই মন্ত্রীর মন্ত্রণালয়ে থাকা বা সরকারে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। নৈতিকতার স্বার্থে তাঁদের উচিত হবে পদত্যাগ করা।
আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।