দুই মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে একটি গাড়িতে করে তিনি বিমানবন্দর ছাড়েন l প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে গতকাল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে একটি গাড়িতে করে তিনি বিমানবন্দর ছাড়েন l প্রথম আলো

দুই মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
খালেদা জিয়ার ফেরাকে কেন্দ্র করে গতকাল দুপুর থেকেই বিমানবন্দরের প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এর পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত ছিল। খালেদা জিয়ার দেশে পৌঁছা পর্যন্ত বিমানবন্দরে সাধারণ কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় যাত্রী ছাড়া অন্য কাউকে বিমানবন্দর এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। যাত্রীদের পাসপোর্ট এবং টিকিট দেখিয়ে বিমানবন্দর এলাকায় ঢুকতে হয়েছে। গাড়ি ঢুকতে না দেওয়ায় বিদেশগামী যাত্রীদের অনেকেই ভোগান্তিতে পড়েন।
বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন, তাঁদেরও বিমানবন্দর এলাকায় ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে তাঁরা বিমানবন্দর সড়কের পাশে অবস্থান নেন। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা ও এর আশপাশে কয়েক হাজার নেতা-কর্মী জড়ো হন।
বিমানবন্দর এলাকায় জড়ো হওয়া নেতা-কর্মীদের পুলিশ কিছুক্ষণ পরপর সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এটাকে কেন্দ্র করে সেখানে বেশ কয়েকবার উত্তেজনার সৃষ্টি হয়। খালেদা জিয়া বিমানবন্দর থেকে গাড়িতে বের হওয়ার পরপরই নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসেন। তাঁরা মিছিল ও স্লোগানে খালেদা জিয়াকে স্বাগত জানান। নেতা-কর্মীরা এ সময় দলীয় স্লোগানের পাশাপাশি সরকার ও আওয়ামী লীগবিরোধী স্লোগানও দেন। মিছিলের কারণে খালেদা জিয়ার গাড়ির গতি শ্লথ হয়ে যায়। বিমানবন্দর থেকে র্যা ডিসন হোটেল পর্যন্ত যেতে খালেদা জিয়ার গাড়ির প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। এই পুরো সময় বিমানবন্দর থেকে বনানীমুখী রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিমানবন্দর থেকে বেরিয়ে খালেদা জিয়া যান তাঁর গুলশানের বাসভবনে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন ছিল। তাঁর বাসভবনের সামনেও অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার একটি গাড়ি থেকে খালেদা জিয়া বাসায় পৌঁছানো পর্যন্ত পুরো সময় ভিডিও করা হয়।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ওসমান ফারুক, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান প্রমুখ বিমানবন্দর এলাকায় উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর রাতে লন্ডনে যান।