দুই মেয়র প্রার্থী, এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পৌর মেয়রসহ এক শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। গতকাল বৃহস্পতিবার ওই নোটিশ দিয়ে চার কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে তাঁদের।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র উত্তম কুমার সাহা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারকার্য চালাচ্ছেন। পৌর এলাকার বিভিন্ন স্থানে উত্তম কুমার প্রতীকসহ পোস্টার ঝুলিয়ে ভোট ও আজিজুল হক দোয়া চেয়ে পোস্টার লাগানোয় তাঁদের দুজনকে কারণ দর্শানো হয়েছে।
অন্যদিকে আমরুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-২-এর সহকারী শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে একজন মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারকাজ চালানোর অভিযোগ পাওয়া গেছে। তাই তাঁকেও কারণ দর্শাতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহার নৌকা প্রতীকসহ পোস্টার গত মঙ্গল ও বুধবার বদরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ঝুলতে দেখা গেছে। অবশ্য গতকাল রিটার্নিং কর্মকর্তার নির্দেশে তা তুলে ফেলা হয়। এ বিষয়ে উত্তম কুমার সাহা বলেন, ‘প্রধান নির্বাচন কর্মকর্তার ঘোষণা অনুযায়ী আমি পোস্টার ঝুলিয়েছিলাম। পরে ভিন্ন নির্দেশনা আসায় ওই পোস্টার তুলে ফেলেছি।’
স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক বলেন, ‘আমি কোনো নির্বাচনী পোস্টার কোথাও ঝুলাইনি। তবে আমার কয়েকজন সমর্থক দোয়া চেয়ে পোস্টার ঝুলিয়েছিল। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।’
গতকাল রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন পুলিশ নিয়ে পৌর এলাকায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এবং নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর প্রতীকসহ পোস্টার কোথাও ঝোলানো হয়েছে কিনা তা সরেজমিনে দেখেন। এ বিষয়ে তিনি বলেন, ‘সব প্রার্থী আমাদের কাছে সমান। প্রতীক বরাদ্দের আগে কোথাও কোনো নির্বাচনী পোস্টার ঝোলানো থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তা তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রার্থীরা গতকাল নির্বাচনী পোস্টার তুলে ফেলেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। তবে প্রার্থীরা নিজেরাই যার যার নির্বাচনী পোস্টার তুলে ফেলায় তাঁদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।