ঢাকা মহানগর আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে ঢাকার দুই মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনকে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী দল-সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দুই প্রার্থীকে আপনাদের হাতে তুলে দিলাম। তাঁদের বিজয়ের দায়িত্ব আপনাদের।’
গতকাল শুক্রবার রাতে গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ছাড়াও সব থানা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগরের সহযোগী সংগঠনের নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে শেখ হাসিনা ছাড়া কোতোয়ালির সভাপতি ফজলুর রহমান, সূত্রাপুরের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সবুজবাগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও ওয়ার্ড পর্যায় থেকে আবদুস সালাম ও আসলাম মাস্টার বক্তব্য দেন। তবে এই অনুষ্ঠানে হাজি মো. সেলিম উপস্থিত ছিলেন না। তিনি ভারতে অবস্থান করছেন।
মাঠপর্যায়ের নেতারা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে দলীয় সভানেত্রীকে আশ্বাস দেন। শেখ হাসিনা মহানগর নেতাদের কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, এ ব্যাপারে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে প্রার্থী ঠিক করবেন।