প্রায় দুই যুগ পর কাউন্সিলরদের সরাসরি ভোটে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। গতকাল রোববার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে জেলা ও মহানগর বিএনপির সম্মেলনে এ নেতৃত্ব নির্বাচন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের ভোটাভুটির মাধ্যমে জেলা বিএনপির সভাপতি পদে আবুল কাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আলী আহমদ নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে এমরান আহমদ চৌধুরী ও হাসান আহমদ পাটওয়ারী সমানসংখ্যক ভোট (১২ ভোট) পেয়েছেন। মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন এবং বদরুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক ও মিফতা সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৯৯৩ সালের পর এবারই প্রথম সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াকে মির্জা ফখরুল ‘মাইলফলক’ বলে অভিহিত করেছেন। আর নির্বাচিত নেতারা বলেছেন, বিএনপিতে গণতন্ত্র আছে—এটা আবারও প্রমাণিত হলো।
সম্মেলন ঘিরে কিছুদিন ধরে সিলেটে বিএনপি রাজনীতিতে তোড়জোড় ও কৌতূহল ছিল। গতকাল সকাল থেকে শহীদ সোলেমান হলে বিএনপি নেতা-কর্মীদের ভিড় ছিল। সকালে সম্মেলন উদ্বোধনের পর শুরু হয় প্রথম অধিবেশন। জেলা বিএনপির আহ্বায়ক এম নুরুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সংগঠিত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘সরকার জোর করে ক্ষমতায় থাকায় দেশে খুন, গুম ও অপহরণ বেড়েছে। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে। দেশ এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার এখনই সময়। তৃণমূল থেকে আন্দোলন করে এই সরকারকে হটানো সম্ভব। তৃণমূল গুছিয়ে বিএনপি দেশের আপামর জনসাধারণকে নিয়ে তাই করবে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে জেলা ও নগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার ১৭টি ও নগরের ২৭টি সাংগঠনিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরা এতে ভোট দেন। ভোট গ্রহণ শেষে বেলা একটার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনার এম নুরুল হক ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার এ কে এম আহাদুস সামাদ।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘প্রায় দুই যুগ পর ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা উচ্ছ্বসিত। কারণ, দেশে গণতন্ত্র না থাকলেও বিএনপিতে আছে।’ সিলেটে ‘বিএনপির পুনর্জাগরণ হলো’ বলে উল্লেখ করেন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি আবুল কাহের চৌধুরী।