দুই শিক্ষার্থীকে মারধর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে মারধর করে স্থানীয়রা মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। এর প্রতিবাদে ও মারধরকারীদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে গতকাল মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সোমবার রাত নয়টার দিকে ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এনামুল হক পলাশ ও সুজন মিঞা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মির্জাপুর থেকে বিনোদপুরের দিকে আসছিলেন। এ সময় স্থানীয় যুবলীগের কার্যালয় থেকে কয়েকজন ব্যক্তি বের হয়ে অতর্কিত তাঁদের চড়-থাপ্পড় ও কিলঘুষি মারতে থাকেন। মারধরের শিকার এনামুল হক পলাশ বলেন, ‘ওই সময় তারা আমার মোবাইল কেড়ে নেয়। পরে আমাদের কয়েকজন বন্ধুকে নিয়ে মোবাইল নিতে গেলে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে আমাদের ধাওয়া করে।’
গতকাল ১০টা থেকে রবীন্দ্র ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ম্যানেজমেন্ট বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। দেড় ঘণ্টা পর সেখান থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসেন। সেখানে তাঁরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু আজ নয়, প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় ব্যক্তিদের হাতে লাঞ্ছিত ও মারধরের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের ছুরিকাঘাত, ল্যাপটপ, মোবাইল ছিনতাই ও মারধর করা হচ্ছে। এমনকি খেলার মাঠ নিয়েও তারা শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা করে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় বারবার এর পুনরাবৃত্তি হচ্ছে। শিক্ষার্থীরা এসব ঘটনা প্রতিরোধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক নাসিম রেজা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা এ বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে। এ জন্য আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছি।’ এ সময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার আহ্বান জানান।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইকবাল মোড়লের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক কে এম সাব্বির হাসান, জহুরুল আনিস, শিক্ষার্থী ফয়েজ আহমেদ, মৌসুমী কবির, আজাদ, আসলাম, আসিফ, ওমর ফারুক প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘এ বিষয়ে আজ আমরা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। যদিও এই ইস্যুতে কোনো মামলা হয়নি, তারপরও ক্যাম্পাসে নজরদারি বাড়াতে তাদের প্রতি অনুরোধ জানিয়েছি। তারা বিষয়টা গুরুত্বসহকারে দেখবে বলে জানিয়েছে।’