গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা থাকলেও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে দীর্ঘ এক যুগ পর। চলতি বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত এ সম্মেলনে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। এরপর সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দুই সদস্যের এই কমিটি দিয়েই চলছে এ জেলার ক্ষমতাসীন দলের রাজনীতি।
স্থানীয় নেতারা অভিযোগ করেন, দীর্ঘ সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় এবং সদর উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের যেসব কমিটি হয়েছে, তাতে মূলত স্থানীয় সাংসদদের পছন্দের ব্যক্তিরা পদ পেয়েছেন। কাউন্সিলরদের ভোটে নেতা নির্বাচন না করে মনোনীত ব্যক্তিদের দিয়ে পৌর ও উপজেলা কমিটি করায় অতীতে দলের দুঃসময়ে যাঁরা সক্রিয় ছিলেন, তাঁরা হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।
মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম দাবি করেন, অসাংবিধানিকভাবে পৌর আওয়ামী লীগের কমিটিতে যাঁদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে, বিগত আন্দোলনের সময় তাঁদের কাউকে দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। এঁরা দুজনই পরিবহন সেক্টরের নেতা ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা বলেন, আওয়ামী লীগ বড় দল। বিভিন্ন ইউনিটের কাউন্সিল করতে গিয়ে কিছুটা ভুলভ্রান্তি কিংবা অনিয়ম হতে পারে। তিনি বলেন, ‘কিছুটা চাপের কারণে অসাংবিধানিক পন্থায় তিনটি উপজেলা ও একটি পৌর কমিটি করা হয়েছে। তবে এটা আমাদের ব্যর্থতা।’
তবে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, কাউন্সিলরদের মতামত ও সমঝোতার ভিত্তিতেই এসব কমিটি ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে কোনো নেতা-কর্মী অভিযোগ করেননি। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি হলে তখন বাকি নেতারাও কমিটিতে ঠাঁই পাবেন। তখন আর কারও ক্ষোভ থাকবে না।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে গোলাম মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে গাজী কামরুল হুদা নির্বাচিত হন। এক যুগ পর গত জানুয়ারিতে জেলা সম্মেলন হয়। তাতে গোলাম মহিউদ্দিন আবারও সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আর ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আগের কমিটির সহসভাপতি আবদুস সালাম।
আবদুস সালাম প্রথম আলোকে বলেন, জেলা ও উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ কমিটি করতে ইতিমধ্যে একাধিক সাংগঠনিক সভা করা হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে নতুন ও পুরোনো নেতাদের নিয়েই জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে তিনি আশাবাদী।