দুই হলের ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা-কাটাকাটির জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী এবং শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুক্তমঞ্চে কনসার্ট দেখে ফেরার পথে রফিক-জব্বার হলের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের ধাওয়া দেন ভাসানী হলের শিক্ষার্থীরা। পরে রফিক-জব্বার হলের শিক্ষার্থীরাও তাঁদের ধাওয়া করেন। দুই হলের সাধারণ শিক্ষার্থীরাও এতে জড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে রফিক-জব্বার হলের ৪৫তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী সাজ্জাদ সোয়েবের মাথা ফেটে যায়। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রফিক-জব্বার হলের প্রথম বর্ষের শিক্ষার্থী রমীম মাহমুদ বলেন, ‘আমরা হলে ফিরছিলাম। কিন্তু হঠাৎ করে গান গাওয়ার অভিযোগ তুলে ভাসানী হলের বন্ধুরাই ধাওয়া করেন।’ তবে অভিযোগ অস্বীকার করে ভাসানী হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদুল হক বলেন, ‘ওরা যাওয়ার সময় আমাদের হল নিয়ে গালিগালাজ করছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে ওরাই আমাদের ধাওয়া করে।’
জানতে চাইলে সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, প্রক্টরিয়াল বডি থেকে একটি প্রাথমিক প্রতিবেদন প্রশাসনকে দেওয়া হবে। এরপর প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।