জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্ট চলাকালে আসন গ্রহণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কনসার্ট চলাকালে মুক্তমঞ্চে আসন গ্রহণকে কেন্দ্র করে মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
রাত ১০টার দিকে এ ঘটনাটি সমঝোতার জন্য দুই হলের ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের বটতলায় আলোচনায় বসেন। ভাসানী হল থেকে এতে অংশ নেন ছাত্রলীগের কর্মী পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম, প্রত্নতত্ত্ব বিভাগের জুবায়ের আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের রোকনুজ্জামান, আরিফুল ইসলামসহ আরও চার-পাঁচজন।
অন্যদিকে, বঙ্গবন্ধু হল থেকে আলোচনায় অংশ নেন ছাত্রলীগের কর্মী প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম, দর্শন বিভাগের জাহিদ হাসান ও গণিত বিভাগের নাজমুল হুদাসহ আরও পাঁচ-ছয়জন।
আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় বঙ্গবন্ধু হলের কর্মীরা ভাসানী হলের জহিরুল ইসলামকে রড ও পাইপ দিয়ে মারধর করেন। এতে তাঁর বাঁ হাতের একটি আঙুল ভেঙে যায়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জহিরুল বলেন, ‘আমরা সমঝোতার জন্য গিয়েছিলাম। কিন্তু ওরা মারামারির প্রস্তুতি নিয়ে এসেছিল। মিজানুর ও সাইদুলের নেতৃত্বে জাহিদ, নাজমুলসহ সাত-আটজন আমাকে মারধর করেছে।’ এ ঘটনার বিচার চেয়ে তাঁর হল থেকে উপাচার্য ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মিজানুর ও সাইদুলের মুঠোফোনে কল দিলেও তাঁরা ধরেননি। জাহিদ ও নাজমুল মারধরের কথা অস্বীকার বলেন, মুক্তমঞ্চে তাঁরাই বরং মারধরের শিকার হয়েছেন।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় একটি প্রাথমিক প্রতিবেদন আমরা জমা দিয়েছি। উপাচার্যকে দেওয়া স্মারকলিপির ভিত্তিতে আমরা আবার কাজ করব। দ্রুত এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।’