দুই 'ত্যাগী' নেতার সঙ্গে এক ব্যবসায়ীও আলোচনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে দলের জন্য ‘ত্যাগ’ স্বীকার করেছেন আওয়ামী লীগের এমন দুজন নেতাও চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নের লড়াইয়ে শামিল হয়েছেন।
ঢাকার মতো চট্টগ্রামেও ধনাঢ্য এক ব্যবসায়ীকে যাতে মনোনয়ন দেওয়া হয়, সেই চেষ্টাও চালাচ্ছেন কয়েকজন নেতা। এত দিন সম্ভাব্য প্রার্থী হিসেবে তিন নেতা মাঠে থাকলেও এখন আরও তিনজন যুক্ত হয়েছেন। নগর আওয়ামী লীগের নেতারা সম্ভাব্য প্রার্থীর তালিকায় নতুন করে তিনজনের নাম যুক্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
দলীয় সূত্র জানায়, সাবেক সাংসদ ও নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, আরেক সহসভাপতি খোরশেদ আলম সুজন এবং ধনাঢ্য ব্যবসায়ী শওকত চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী। কেন্দ্রের সঙ্গে তাঁরা সরাসরি কিংবা তাঁদের পক্ষে যোগাযোগ ও তদবির করা হচ্ছে বলে নেতা-কর্মীরা জানিয়েছেন।
কয়েক মাস ধরেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়ে আসছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন এবং কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। তাঁদের পক্ষে নগরে ব্যানার, পোস্টার, বিলবোর্ডও টাঙানো হয়েছে।
আগামী ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে।
সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, সংগঠন অনেক বড়। তাই প্রার্থীর সংখ্যাও বেশি হতে পারে। তিনি জানান, চট্টগ্রাম আওয়ামী লীগের তৃণমূল থেকে পছন্দের প্রার্থীর নাম নেত্রীর (প্রধানমন্ত্রী) কাছে পাঠানো যেতে পারে। তিনিই মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করবেন। যাঁকেই প্রার্থী করা হোক না কেন, সবাই তাঁর জন্য কাজ করবেন।
গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম বিএসসি তাঁর কোতোয়ালি-বাকলিয়া আসনটি জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জন্য ছেড়ে দেন। ২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। কেন্দ্রের নির্দেশে ৫ জানুয়ারির নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের কারণে নুরুল ইসলাম বিএসসিকে বড় পদ বা মন্ত্রী করা হবে—নেতা-কর্মীদের মধ্যে এমন প্রচারণা ছিল। তাই এবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাঁকে আওয়ামী লীগ সমর্থন দিতে পারে বলে প্রচারণা রয়েছে।
নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘নেত্রীর নির্দেশে কোতোয়ালি-বাকলিয়া আসনে প্রার্থী হইনি। তিনি আমাকে সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করলে অবশ্যই নির্বাচনে লড়ব।’
২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে পতেঙ্গা-বন্দর আসনে আওয়ামী লীগ থেকে প্রথমে মনোনয়ন পান খোরশেদ আলম। পরে তাঁকে বাদ দিয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি এম এ লতিফকে প্রার্থী করা হয়। কোনো নির্বাচনে লড়াই করার সুযোগ না পাওয়া এই নেতা এবার মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী।
খোরশেদ আলম সুজন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে স্বচ্ছ ব্যক্তি খোঁজা হচ্ছে বলে শুনেছি। আমি সারা জীবন রাজনীতি করেছি। একবার সুযোগ পেয়েও নির্বাচন করতে পারিনি। নেত্রী মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী সবাইকে যদি ডাকেন, তখন আমি প্রার্থী হওয়ার কথা জানাব। বাকিটুকু নেত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে।’
আওয়ামী লীগের প্রার্থীর তালিকায় চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী শওকত চৌধুরীর নামও শোনা যাচ্ছে। ঢাকা উত্তরে আনিসুল হকের নাম ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ শওকত চৌধুরীকে প্রার্থী করাতে তৎপর রয়েছে বলে জানা গেছে।
নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘ব্যবসায়ী শওকত চৌধুরীর পক্ষে আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন কেন্দ্রীয় নেতা তৎপরতা চালাচ্ছেন। তবে আমরা চাই রাজনৈতিক নেতাদের কাউকে যাতে মেয়র পদে প্রার্থী করা হয়।’
এ বিষয়ে বক্তব্য জানতে শওকত চৌধুরীর সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।