দুইবারের সাংসদ প্রার্থীর ইউপি সদস্য পদে পরাজয়
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিয়ে ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) দুইবারের সাংসদ প্রার্থী ইউপি সদস্য হতে পারেননি। তবে সাবেক এক উপজেলা চেয়ারম্যান বেসরকারিভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বড়মানিকা ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের মো. ছালাউদ্দিন গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করে ২৮১ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে ৯৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহে আলম নামের একজন। ছালাউদ্দিন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি ও ২০১৪ সালে জাতীয় পার্টি (জেপি) থেকে সাংসদ পদে নির্বাচন করেন। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার দলীয় মনোনয়নে এবার বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার রাতেই নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
আনিসুর রহমান নামে এক ভোটার বলেন, ‘ছালাউদ্দিন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলের খুব কাছের মানুষ। হেইতের নির্বাচনে আওন উচিত অয়নো।’