লক্ষ্মীপুরে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার এই কমিটি অনুমোদন দেওয়া হয়। মোরশেদুল আমিনকে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ‘পূর্ণাঙ্গ’ কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এদিকে সম্মেলন না করে ‘পকেট কমিটি’ করায় অনেক নেতা-কর্মী ক্ষুব্ধ হয়েছেন।
গত শুক্রবার জেলা কমিটির সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সই করা ওই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ছাত্রলীগের সাবেক দুজন নেতা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দিয়ে পূর্ণাঙ্গ কমিটি হয় না। পূর্ণাঙ্গ কমিটির অর্থ হলো, সবার নাম অন্তর্ভুক্ত করে অনুমোদন দেওয়া। শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম দিয়ে ‘পূর্ণাঙ্গ’ কমিটি শব্দ ব্যবহার করা সঠিক নয়।
নাম প্রকাশ না করার শর্তে রামগঞ্জ কলেজ ছাত্রলীগের পাঁচজন কর্মী বলেন, তাঁদের সবার দাবি ছিল সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার। কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রহস্যজনক কারণে সম্মেলন না করে পকেট কমিটি করেন। এতে তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘এটা কোনো পকেট কমিটি নয়। কয়েক মাস আগে কর্মিসভা করা হয়েছে। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি ও সম্পাদকের নাম দিয়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছি। তাঁরা অন্য কর্মীদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি করে নেবেন।’