দুদক নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি নির্মূলে শাসকদলীয় দৃষ্টিভঙ্গির বাইরে নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ সোমবার দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এই অভিযোগ করেন। তিনি দলের ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে একটি মামলায় অভিযোগপত্র দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

আসাদুজ্জামান অভিযোগ করেন, সরকারদলীয় নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা ‘লোক দেখানো’ কারণে করা হলেও তার কোনো অগ্রগতি থাকে না। প্রায়ই তাদের খালাস করে ‘ক্লিন সার্টিফিকেট’ দেওয়া হয়। অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী নেতাদের বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে মামলা দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপি আশা করে দুদক পক্ষপাতহীনভাবে দুর্নীতির বিরুদ্ধে তাদের কার্যক্রম পরিচালনা করবে। শাসকদলের নেতাদের জন্য ‘ক্লিন সার্টিফিকেট’ আর বিরোধীদের জন্য ‘চার্জশিট’—একযাত্রায় দুই ফল কোনোভাবেই কাম্য নয়।