দুদককে শক্তিশালী করতে বললেন সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সব দিক দিয়ে দেশ এগিয়ে যাবে আর দুর্নীতিতে পিছিয়ে পড়বে—এটা হয় না। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী করতে হবে। এর জনবল আরও বাড়াতে হবে।

গতকাল শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণসভা উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দুদক কারও বিরুদ্ধে কিছু বললে বলা হয়, একে ধরতে হলে তার অনুমতি নিতে হবে; তাকে ধরতে হলে ওর অনুমতি নিতে হবে—এমন হলে চলবে না। এমন আইন করতে হবে, যাতে দুদক স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। দুদককে নখ-দন্তবিহীন করে রাখলে চলবে না।

সুরঞ্জিত আরও বলেন, বিএনপির নেতাদের মুখে সংবিধান নিয়ে কোনো মন্তব্য মানায় না। কারণ, সংবিধান ধ্বংস করে বিএনপি ক্ষমতায় এসেছিল। তবে মার্শাল ল নিয়ে তারা কোনো অভিমত দিলে সেটা ঠিক আছে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এম এ আজিজের ছেলে ওমর বিন আবদুল আজিজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক নুরুল আমিন প্রমুখ।