দুদকের তলবে সাড়া দেননি ৯ কর্মকর্তা
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ১২ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলেও তাঁদের মধ্যে ৯ জন দুদকে আসেননি।
১৪ অক্টোবর গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক ৪ চেয়ারম্যানসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়।
আজ সোমবার গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সিনিয়র সহকারী সচিব বেনজামিন হায়দারকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা যতন কুমার রায়। এ ছাড়া গতকাল রোববার বেনজামিন হায়দারসহ সংস্থাটির সাবেক চেয়ারম্যান এ টি এম আতাউর রহমান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান আহমেদকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা।
এই তিন কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য দুদকে এলেও বাকিরা উপস্থিত না হওয়ার বিষয়ে কমিশনকে কোনো কিছু জানাননি বলে দুদক সূত্র জানিয়েছে।
যাঁরা দুদকে উপস্থিত হননি তাঁরা হলেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক তিন চেয়ারম্যান আবদুল বারী খান, আবদুল খালেক, আবু সাঈদ, সাবেক সচিব আমিনুর রহমান, যুগ্ম সচিব যুবায়ের আহমেদ সিদ্দিক, পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ, উপপরিচালক আবদুল কাইয়ুম, সাবেক নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম ও জোবায়ের আহমেদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুদকের তলবে সাড়া দেননি এই ৯ কর্মকর্তা।
অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়ে সরকারের সাড়ে ১৫ কোটি টাকার বেশি ক্ষতিসাধনের অভিযোগে করা এ মামলায় আলমগীর কবির ছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য মো. আজহারুল হক, মুনসুর আলম ও মতিয়ার রহমানকে আসামি করা হয়েছে।
এর আগে ১২ অক্টোবর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও বিএনপি নেতা মির্জা আব্বাস দুদকে এসে তদন্ত কর্মকর্তার নানা প্রশ্নের জবাব দেন।