দুনিয়ার কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার: স্বাস্থ্যমন্ত্রী

‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় সংসদের নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’ আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবনির্মিত ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে ভয় পান কেন? নির্বাচনের মাঠে আসুন। মাঠ ছেড়ে পালাবেন না। সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আমেরিকা-ইউরোপে যেভাবে নির্বাচন হয়, এই দেশেও সেভাবে হবে। নির্বাচনে সমান সুযোগ পাবেন। ক্যামেরা থাকবে, সাংবাদিকেরা থাকবেন। ২০১৪ সালে ট্রেন মিস করে ভুল করেছেন। আম-ছালা দুটোই গেছে। আশা করি আগামী নির্বাচনে আর এই ভুল করবেন না।’
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে মার্শাল ল থাকত। নির্বাচন হয়েছিল বলেই দেশে আজ উন্নয়ন হচ্ছে। শান্তি ও গণতন্ত্র এসেছে।
উন্নয়নের জন্য সময়ের দরকার, উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘শেখ হাসিনা একনাগাড়ে ১০ বছর ক্ষমতায় থাকায় গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিতে হবে।’
বেলা দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল সাহা প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ফিতা কেটে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন। সমাবেশ শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি বকুল ফুলের গাছের চারা রোপণ করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী জুড়ী থেকে পাশের বড়লেখা উপজেলায় যান। সেখানে তিনি ৫০ শয্যাবিশিষ্ট বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন।