নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে গতকাল সোমবার শিবপুর উপজেলার শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে দুই পক্ষ পাল্টাপাল্টি আলোচনা সভার আয়োজনের ঘোষণা দেয়। প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করায় অনুষ্ঠান ভেস্তে যায়।
গতকাল ছিল নরসিংদী মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে আবদুল মান্নান ভূঞা পরিষদ গতকাল বিকেলে কলেজ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। উদ্বোধক করা হয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লাকে। অনুষ্ঠান সফল করতে সংগঠনের পক্ষ থেকে দেড় সপ্তাহ আগে থেকে প্রচারণা চালানো হয়।
অন্যদিকে, একই স্থানে একই সময় মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বিজয় দিবসের আলোচনা সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে গত কয়েক দিন দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
এ পরিপ্রেক্ষিতে গতকাল সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই স্থানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়েছে। কিন্তু উভয় পক্ষ অবস্থানে অনড় থাকায় ১৪৪ ধারা জারি করা ছাড়া উপায় ছিল না।
সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বিজয় দিবস ও নরসিংদী মুক্ত দিবসের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে অপরাজনীতি হয়েছে। এটি কাম্য নয়। এর মাধ্যমে শিবপুরে নষ্ট রাজনীতির আরেকটি উদাহরণ তৈরি হলো।