সাধ্যমতো ত্রাণসামগ্রী নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ আহ্বান জানান। হেফাজতের শীর্ষ দুই নেতা বিবৃতিতে বলেন, কার্যকর সহযোগিতার পরিবর্তে দুর্গত মানুষকে রাজনৈতিক হাতিয়ার করা চরম অমানবিকতা।
হেফাজতের বিবৃতিতে বলা হয়, বন্যাদুর্গত অঞ্চলে সরকারের পক্ষ থেকে সহায়তা নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সংগ্রহ করে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এ নিয়ে গড়িমসি করা ও অন্যের ওপর দায় চাপানোর যেমন কোনো অবকাশ নেই, তেমনি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির সুযোগ নেই।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক দলগুলো মানবিকতাবোধের পরীক্ষায় বারবার ব্যর্থ হলে সাধারণ মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে দ্বিধা করবে না।