দুর্গাপূজায় সব ধরনের সহায়তার আশ্বাস ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিদেশি নাগরিক হত্যা এবং কিছু স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদ্‌যাপন নিয়ে উদ্বেগ জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। তবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের পক্ষ থেকে সরকারি ও রাজনৈতিকভাবে তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের সঙ্গে ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে দুই পক্ষ তাঁদের বক্তব্য তুলে ধরেন। বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলন করেন।

বৈঠকে দেশের বিভিন্ন স্থানে ১১টি মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুর করার তথ্য তুলে ধরেন ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। এ ছাড়া হিন্দুদের জমি ও মন্দির দখলের বিষয়ে ১৪ দলের নেতাদের কাছে অভিযোগ করেন তাঁরা। পূজার আগে বিদেশি নাগরিক খুনের ঘটনাও তাঁদের আলোচনায় আসে।

 বৈঠক সূত্র আরও জানায়, ঐক্য পরিষদের নেতাদের উদ্বেগের বিষয়ে আশ্বস্ত করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, পূজামণ্ডপে হামলা বিচ্ছিন্ন ঘটনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটি ঘটনাতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জমি দখলের বিষয়টি অন্য বৈঠকে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

বৈঠক শেষে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের সব জায়গায় নির্দেশ দেওয়া আছে। তারপরও নির্দেশ দিচ্ছি। সব জনপ্রতিনিধি, সাংসদ, স্থানীয় নেতৃবৃন্দ সবাই এই উৎসবের পাঁচটা দিন স্ব স্ব এলাকায় দুর্গাপূজা উৎসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা এবং সাহায্য করবে।’