দুর্গেই কোণঠাসা বিএনপি, অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান পদে দলটির প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের চাপে কোণঠাসা। গত রোববার প্রশাসনের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থীরা নানা ধরনের হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ করেন চেয়ারম্যান পদে বিএনপির ছয়জন ও দুজন স্বতন্ত্র প্রার্থী।

সরেজমিনে দেখা যায়, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী তারাজুল ইসলামের পোস্টারে ছেয়ে গেছে। পীরগাছা বাজার থেকে বামুনিয়া, সোনারায় চারমাথা হয়ে চাকলা মোড় পর্যন্ত সর্বত্র তাঁর পোস্টার চোখে পড়েছে। তবে সোনারায় চারমাথা মোড় ছাড়া অন্য কোথাও ধানের শীষের প্রার্থীর পোস্টার নেই।

রামেশ্বরপুর ইউনিয়নের রামেশ্বরপুর বাজার, হোসেনপুর, সাগাটিয়াসহ কয়েকটি এলাকা আওয়ামী লীগের প্রার্থী ও বগুড়া শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খানের পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে। সেখানে বিএনপির প্রার্থী আবদুল ওহাবের কোনো পোস্টার নেই। সাগাটিয়া গ্রামের একজন ভোটার বলেন, ‘পোস্টার থাকপি কুনটি থ্যাকে। রাতত পোস্টার লাগালে দিনত নৌকার লোকজন ছিঁড়ে ফেলে। ফের লাগাবার আসলি ধানের শীষের কর্মীদের দাবড়ানি দেয়।’

নাড়ুয়ামালা ইউনিয়নও ছেয়ে গেছে নৌকা মার্কার অসংখ্য পোস্টারে। এখানেও ধানের শীষ প্রতীকের কোনো পোস্টার নেই। নাম প্রকাশ না করার শর্তে নাড়ুয়ামালা বাজারের দুজন ব্যবসায়ী বলেন, এ বাজার দখলে রেখেছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল গোফফার ও তাঁর কর্মী-সমর্থকেরা। তাঁদের ভয়ে ধানের শীষের কোনো কর্মী আসতে পারছেন না।

গাবতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রামেশ্বরপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আবদুল ওহাব বলেন, ‘আওয়ামী লীগের বাধায় প্রচারণা চালাতে পারছি না। মামলা দিয়ে কর্মীদের হয়রানি করা হচ্ছে। আমাকে দা নিয়ে ধাওয়া করা হয়েছে। এখানকার সুষ্ঠু ভোট নিয়ে ভোটাররা সিন্দহান।’

অনুষ্ঠানে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, গাবতলীর ইউএনও মুহাম্মদ আহসান হাবিব ও ওসি শাহিদ মাহমুদ খান উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের প্রার্থী রফি নেওয়াজ খান পাল্টা অভিযোগ করেন, ‘তাঁর কর্মীদের ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নিশ্চিত পরাজয় জেনেই বিএনপি সুষ্ঠু ভোট ভন্ডুল করতে চাইছে।’

নাড়ুয়ামালা ইউপিতে বিএনপির প্রার্থী ফজলে রাব্বি মণ্ডল ওরফে ফিরোজ বলেন, ‘এলাকায় ধানের শীষের পোস্টার টানাতে দেয়নি আওয়ামী লীগ। প্রচারের মাইক ভেঙেছে। নাড়ুয়ামালা বাজারে গেলে ধাওয়া করে। এখন চা খেতেও সেখানে যেতে পারি না।’

বালিয়াদীঘি ইউনিয়নের বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘ধানের শীষের কোনো পোস্টার নাই। আওয়ামী লীগের হুমকিতে গ্রামে থাকতে পারছি না। শনিবার রাতে ধানের শীষের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।’ একই ইউপির স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের লোকজন সব প্রার্থীর পোস্টার ছিঁড়েছে। ভোট চাইতে বাধা দিচ্ছে। নয় কেন্দ্রের মধ্যে সাতটিই ঝুঁকিপূর্ণ।’

দক্ষিণপাড়া ইউনিয়নের বিএনপির প্রার্থী আহসান হাবীব বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রকাশ্যে সিল মারার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন। মহিষাবান ইউনিয়নের বিএনপির প্রার্থী মোতাহার হোসেন বলেন, নৌকার লোকজন ভোটারদের মধ্যে ভীতি ছড়াচ্ছে। কেউ ধানের শীষে ভোট দিলে তাঁর নাম লিস্ট করার হুমকি দিচ্ছে।

গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আযম খান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের কেউ ধানের শীষের প্রচারণায় বাধা কিংবা পোস্টার ছেঁড়ার সঙ্গে জড়িত নয়। বিএনপির বিদ্রোহী প্রার্থীর লোকজন কোথাও কোথাও নিজেরাই ধানের শীষের পোস্টার ছিঁড়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন, গাবতলীতে এবার নৌকার ভোট বিপ্লব হবে। বিএনপির দুর্গ লন্ডভন্ড হবে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রার্থীদের উদ্দেশে বলেন, কেন্দ্র দখল ও কারচুপির সুযোগ কাউকে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পুলিশের হাতে লাঠি থাকবে না, অস্ত্র থাকবে। রাবার বুলেটের যথাযথ ব্যবহার করা হবে।