দুর্নীতি করলে ইতিহাস মার্জনা করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘যত বড় দলই হোক না কেন, দুর্নীতি আর সন্ত্রাসে কলঙ্কিত হলে ভবিষ্যতের ইতিহাস কখনো মার্জনা করবে না। এটাই আমার সবচেয়ে বড় কথা।’

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী তাঁর ৮৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। বিকল্পধারা বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে আজকে যাঁরাই রাজনীতি করবেন, সুস্থ রাজনীতি করবেন। অহংকার করবেন না, আপনারা সন্ত্রাসকে সমর্থন দেবেন না, আপনারা দুর্নীতি থেকে সরে আসুন।’ বিকল্পধারা একটি সত্যিকারের ধারায় পরিণত হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিকল্পধারা উদাহরণ সৃষ্টি করবে। যে ধারা বলবে আমরা যখন সৃষ্টি হয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি।’

জন্মদিনের অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ‘আজ তাঁর (বদরুদ্দোজা) বয়স ৮৬, কিন্তু সব মিলিয়ে তাঁর বয়স ২৬। বাকি বয়সটুকু তিনি দেশের মানুষকে দিয়েছেন। আমরা আশা করি, তিনি আরও অনেক দিন বাঁচবেন বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার এবং বিকল্পধারাকে নেতৃত্ব দেওয়ার জন্য।’

জন্মদিনের অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা বদরুদ্দোজা চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।