দুর্নীতি বন্ধ হলে বিআরটিসি লাভে ফিরবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির ডিপোগুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধ হলে প্রতিষ্ঠানটি লাভের ধারায় ফিরবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি বন্ধ হলে জনপ্রত্যাশা পূরণ হবে। বিআরটিসিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেবার মান বাড়াতে হবে। মহিলা বাসসেবা বৃদ্ধি এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে।
গতকাল সোমবার সকালে মতিঝিলে বিআরটিসির সদর দপ্তরে করপোরেশনের কর্মকর্তা ও ডিপো ব্যবস্থাপকদের এক সভায় এ কথা বলেন মন্ত্রী। তিনি একজন ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ভারতীয় ঋণে বিআরটিসির জন্য ৬০০ বাস, ৫০০ ট্রাক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। বর্তমানে বিআরটিসির বহরে ১ হাজার ৫০টি বাস আছে।
এ সময় বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিপো ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন।