দুর্নীতি মামলায় খালেদার ন্যায়বিচার পাওয়া নিয়ে বিএনপির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে দলটির শঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এ কথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দুই মামলায় খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা আছে। তার পরও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনি লড়াই চলবে। পাশাপাশি রাজপথে আন্দোলন করারও হুমকি দেন তিনি।

খালেদার দুর্নীতি মামলার বিচারক বদলিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান দুটি দুর্নীতি মামলার একটিও আইনসম্মতভাবে চলতে পারে না। হীন রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা চালানো হচ্ছে। এর উদ্দেশ্য খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা। তিনি মনে করেন, যদি ন্যায়িবচার থাকত, তবে খালেদা জিয়া এই দুটি মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পেতেন। এখন যে পদ্ধতিতে মামলা চালানো হচ্ছে, তাতে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা সংকুচিত হয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দুটি মামলার বিষয়ে সরকারের বোধোদয় না হলে বিএনপি রাজপথে আন্দোলনে যাবে।’ এই দুটি মামলা যে আদালতে চলছে, সেই বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়কে বদলি করা ‘উদ্দেশ্যমূলক’ বলেও তিনি অভিযোগ করেন।

আজকের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।