দুর্নীতিবাজ মন্ত্রী আরামে মন্ত্রিত্ব করছেন: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি করা নিয়ে আবারও সরকারের সমালোচনা করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ইঙ্গিত করে বলেন, এরপরও দুর্নীতিবাজ মন্ত্রী আরামে মন্ত্রিত্ব করে যাচ্ছেন।
গতকাল রোববার বিএনপির সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির একটি মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন বলেন, এ সরকার লুটপাটে ব্যস্ত। পচা গম নিয়ে আসার পর তাদের বিচার হয় না। এ গম কাবিখা, টিআরে ব্যবহার করা হবে। এ গম আস্তে আস্তে শহরেও আসবে। সবার কাছে পৌঁছাবে। কিন্তু দুর্নীতিবাজ মন্ত্রী আরামে মন্ত্রিত্ব করে যাচ্ছেন। তিনি বলেন, দেশ চলছে না। সারা দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এ অবস্থার পরিবর্তনে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রয়োজন।
খালেদা জিয়া অভিযোগ করেন, দেশ বন্যাকবলিত হলেও বন্যার্ত মানুষ সাহায্য পাচ্ছে না। মানুষের বিপদে এ সরকারের পাশে দাঁড়ানোর অভ্যাস নেই। এখন মানুষ সাহায্যও পাচ্ছে না, গ্রামেও কাজ নেই; তাই তারা ঢাকামুখী হচ্ছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে জনগণের প্রতি তাদের দায়িত্ব নেই। তিনি বলেন, সারা দেশে রাস্তাঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারের সেদিকে নজর নেই।
সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তাঁর দল ও জোটের নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তাঁদের বাড়িঘরে হামলা ও ধনসম্পদ লুট করা হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, ‘এর নাম কি রাজনীতি? এর নাম কি গণতন্ত্র?’
অ্যাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে খালেদা জিয়া বলেন, মাহমুদুর প্রতিবাদী কণ্ঠস্বর। এ জন্য তাঁকে দিনের পর দিন জেল খাটতে হচ্ছে।
ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।