দুর্নীতিবাজকে প্রার্থী করেছে বিএনপি: হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘দুর্নীতিবাজ’ বলেই আরেকটি দুর্নীতিবাজ পরিবারের সদস্যকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে প্রার্থী হিসেবে তিনি পছন্দ করেছেন।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। ‘বর্তমান সরকারের সাফল্যের নয় বছর ও আগামী সংসদ নির্বাচনে প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার পরিবার দুর্নীতিগ্রস্ত। তাঁদের দুর্নীতি এফবিআই উদ্ঘাটন করেছে। সিঙ্গাপুরে তাঁদের দুর্নীতি ধরা পড়েছে। দুর্নীতির মাধ্যমে পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তাই নিজের মতো আরেকটি ‘দুর্নীতিবাজ’ পরিবারের সদস্যকে ডিএনসিসি উপনির্বাচনে প্রার্থী হিসেবে পছন্দ করেছেন।
হাছান মাহমুদ দাবি করেন, শুধু তাবিথ আউয়ালের নাম নয়, অর্থ পাচারকারী হিসেবে তাঁর মা-বাবাসহ পুরো পরিবারের নাম এসেছে পানামা পেপারসে। তিনি আরও বলেন, বিএনপিতে এত প্রার্থী রেখে একজন ‘অর্থ পাচারকারী’কে কেন বেছে নিল বিএনপি? নিশ্চয় এই অর্থ পাচারের সঙ্গে খালেদা জিয়া ও তাঁর পরিবারের সংযোগ আছে। সে কারণে তিনি এই ধরনের প্রার্থী বেছে নিয়েছেন। সিটি করপোরেশন উপনির্বাচনে ঢাকার মানুষ দুর্নীতিবাজ, অর্থ পাচারকারীকে ভোট দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় সিপিডির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নয় বছরে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন ৩৮তম অর্থনীতির দেশ। যেখানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ থেকে শুরু করে নোবেল বিজয়ী অমর্ত্য সেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের প্রশংসা করেছেন। তিনি অভিযোগ করেন, শুধু বিএনপি ও খালেদা জিয়া এবং সিপিডি সরকারের প্রশংসা করতে পারছে না। কারণ সিপিডির সঙ্গে যুক্ত বিএনপি নেতাদের কয়েকজন এক-এগারো সরকারের সুবিধাভোগী ছিলেন। আবারও তাঁরা পানি ঘোলা করতে চান। খালেদা জিয়া সেই ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চান। তাঁদের উদ্দেশ্য হচ্ছে এক-এগারোর মতো একটি সরকার গঠন করে পানি ঘোলা করা। তাঁরা গণতন্ত্র চান না।
আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী সদস্য মিনহাজ উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।