দুর্নীতিবাজদের পরিহার করুন: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্কার্স পার্টির সমাবেশে রাশেদ খান মেনন l ছবি: প্রথম আলো
ওয়ার্কার্স পার্টির সমাবেশে রাশেদ খান মেনন l ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দুর্নীতিবাজ ও দলবাজদের পরিহার করুন। শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করুন। দেশে যারা বামপন্থী রাজনীতি করছে, মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করছে, তাদের সম্মান করুন।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে রাশেদ খান মেনন এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ‘জনজীবনের সংকট মোচন ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষায় মৌলবাদী-সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখো’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে।
এ সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, ১৪ দল বর্তমানে সংবাদ সম্মেলন ও প্রেস ব্রিফিংয়ের জোটে পরিণত হয়েছে। ওয়ার্কার্স পার্টি যদি লড়াইয়ের মধ্য দিয়ে ১৪ দলকে সক্রিয় করতে পারে, তাহলেই এ জোট এগোতে পারবে।
বিএনপিকে জামায়াতে ইসলামীর রাজনীতির অংশ উল্লেখ করে ফজলে হোসেন বলেন, এ জন্য গোলাম আযমের ছেলে যখন বিএনপিকে বেইমান বলে, তখন বিএনপি কোনো জবাব দিতে পারে না। জিয়ার মাজারে ফুল দেওয়া আর জন্মদিন পালন করা ছাড়া তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। ৫ জানুয়ারির নির্বাচনের আগে নির্দলীয় সরকারের রূপরেখা দিতে ব্যর্থ হয়ে বিএনপি সংসদ থেকে পালিয়েছিল। তিনি আরও বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতে গেলে দুর্নীতি বন্ধ করতে হবে, কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করতে হবে। যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারে সরকার যে বিলম্ব করছে, তা কাম্য নয়।
সমাবেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাইয়ের সমালোচনা করে রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশের নির্বাচন সময়মতো হবে। আমরা তো আপনাদের প্রশ্ন করিনি আমেরিকায় কখন নির্বাচন হবে।’
বেলা আড়াইটার দিকে সমাবেশের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন গণশিল্পী সংস্থার শিল্পীরা। রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ হাজেরা সুলতানা, মোস্তফা লুৎফুল্লাহ, দলের পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, হাফিজুর রহমান ভূঁইয়া, আনিসুর রহমান মল্লিক প্রমুখ।