দুর্নীতিবাজদের বাদ দিন, ফখরুলকে হাছান

দলের গঠনতন্ত্রে ৭ ধারা ফিরিয়ে এনে দুর্নীতিবাজদের দল থেকে বাদ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার না করে গঠনতন্ত্রে ৭ ধারা ফিরিয়ে আনুন, দুর্নীতিবাজদের নেতৃত্বে থাকার সুযোগ বাতিল করুন।
আজ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইমাম ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী একটি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে শাস্তি পেয়ে, এতিমের টাকা আত্মসাৎ করার কারণে জেলে গেছেন এবং তিনি জেলে যাওয়ার আগে দলের গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজদের নেতৃত্বে থাকার সুযোগ করে দিয়েছেন। এর মাধ্যমে বিএনপি দুর্নীতিবাজ দলে পরিণত হয়েছে।
ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও দলটির নেতারা বক্তব্য দেন।