গণমাধ্যমের সংবাদ পর্যবেক্ষণে ‘মিডিয়া মনিটরিং সেন্টার’ স্থাপনে সরকারের উদ্যোগকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলেছে বিএনপি। দলটির দাবি, ক্ষমতাসীন ব্যক্তিদের অনাচার ও দুর্নীতির দুর্গন্ধ চেপে রাখতে সরকার গণমাধ্যমসহ সবকিছু নিয়ন্ত্রণে বেপরোয়া হয়ে উঠেছে।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘অপকর্ম যতই ঢেকে রাখার অপকৌশল করেন না কেন, জনগণের কাছে আপনাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।’
রিজভী বলেন, বর্তমান দুঃশাসনের কবলে পড়ে এমনিতেই গণমাধ্যম নিয়ন্ত্রিত। এর আগে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রকাশ করা হয়েছে। প্রেস কাউন্সিলের মাধ্যমেও গণমাধ্যমের গলা টিপে ধরার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি দেশীয় গণমাধ্যমের বিকাশের নামে বিদেশি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আলামত কোনো শুভ লক্ষণ নয়।
গত বুধবার জাতীয় সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদ পর্যবেক্ষণের জন্য ‘মিডিয়া মনিটরিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান। এর সমালোচনা করে রিজভী বলেন, ‘ইনুর কাছ থেকে জনগণের পক্ষে কোনো আইন হবে—এটা কেউ আশা করতে পারে না। কারণ, তাঁর রাজনীতির শুরুটাই হচ্ছে রাজনীতিবিরোধী কর্মকাণ্ড দিয়ে, সন্ত্রাস দিয়ে, নাশকতা দিয়ে। যখন দেশে গণতন্ত্র থাকবে না, তখনই হচ্ছে ইনুদের পোয়াবারো।’
‘সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ ও অসামর্থ্য (তদন্ত ও প্রমাণ) আইন-২০১৬’ সম্প্রতি মন্ত্রিসভায় পাসের কড়া সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এর ফলে বিচারপতিদের অভিশংসন ও অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে সংসদের ওপর ন্যস্ত হবে। বিচারপতিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করতেই এমন আইন করা হচ্ছে বলে মনে করে বিএনপি।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্তের ঘোষণাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন রিজভী।