দুর্বৃত্ত লালনেই একের পর এক অঘটন: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান সরকার দুর্বৃত্তদের লালনপালন করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণেই দুর্বৃত্তরা একের পর এক অঘটন ঘটিয়েই যাচ্ছে’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার রাতে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ দাবি করেন।

বিবৃতিতে জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে আহমেদুর রশিদসহ তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদ জানানো হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, ইতিপূর্বে সংঘটিত সব হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু সরকার কোনো হত্যাকাণ্ডেরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার করেনি। বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালেই থেকে গেছে।

বিবৃতিতে অবিলম্বে দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামায়াত।