গুলশানে রেস্তোরাঁয় দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
দলটি বলেছে, দুর্বৃত্তদের যথাসম্ভব নিরস্ত্র করে জীবিতাবস্থায় আটক করা উচিত ছিল, যাতে তাদের পরিচয় জানা যায় এবং ঘটনার আদ্যোপান্ত বোঝা যায়।
জিম্মি উদ্ধারের প্রায় নয় ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল পৌনে পাঁচটায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এসব কথা বলেন।
এর আগে সকাল ৭টা ৪০ মিনিটে সেনাবাহিনীর অভিযানে সাতজন সন্ত্রাসীর মধ্যে ছয়জন নিহত হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। বেলা দেড়টায় সেনা সদরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ সম্মেলন করে জানায়, সন্ত্রাসীরা শুক্রবার রাতেই ২০ জন জিম্মিকে হত্যা করে।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, ‘আমরা মনে করি, দুর্বৃত্তদের হাত থেকে জিম্মি দেশি-বিদেশি নাগরিকদের
নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করার আপ্রাণ চেষ্টা চালানো প্রয়োজন ছিল। বিশেষ করে, বিদেশি নাগরিকসহ দেশের যেকোনো নাগরিকের জীবনই রাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।’
বিবৃতিতে হতাহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়। বিজ্ঞপ্তি।