দুর্ভাগ্য, বন্ধুরা মিয়ানমারের পাশে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বন্ধুত্ব একমুখী হয় না। দুর্ভাগ্য, আমাদের যারা ঘনিষ্ঠ বন্ধু, তারা মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে।’

আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের প্রতিনিধিদের সঙ্গে ২০-দলীয় জোটের এক মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে সিদ্ধান্ত একটাই, মিয়ানমারকে বাধ্য করতে হবে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে। প্রয়োজনে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং সেটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে।’

সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের ব্যর্থতাটা কোথায়। তারা এখন পর্যন্ত চীন ও রাশিয়াকে কনভিন্স করতে পারেনি যে এখানে কী হচ্ছে, কেন গণহত্যা বন্ধ করা উচিত, কেন মিয়ানমারকে বাধ্য করা উচিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য।’ শ্লেষ প্রকাশ করে তিনি বলেন, ‘কী চমৎকার আমাদের কূটনীতি! কী চমৎকার আমাদের বন্ধুত্বের সম্পর্ক। যাদের সবচেয়ে ভালো বন্ধু বলে দাবি করছি, সর্বোচ্চ পর্যায় বলে দাবি করছি, তারা এখন মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়ার ভূমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুব অবাক, হতবাক হয়ে গেছি। চীন ও রাশিয়ার বিরোধিতায় সেখানে সিদ্ধান্ত হতে পারেনি।’

রোহিঙ্গা সমস্যা কোনো ধর্মীয় বিষয় নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা সম্পূর্ণ একটা জাতিকে নির্মূল করার বিষয়। হিন্দু না মুসলিম, সেটা ‘ইমমেটেরিয়াল’। মূল বিষয়টা হচ্ছে, সেখানে একটা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে (রোহিঙ্গা) নির্মূল করা হচ্ছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই—মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমিত্বকে বিসর্জন দিন এবং হিপোক্রেসি বাদ দিয়ে সত্যিকার অর্থে দেশকে রক্ষার করার জন্য, এ সমস্যা সমাধান করবার জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করুন।’

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের আহ্বায়ক সুকোমল বড়ুয়া বলেন, তাঁরা অতি দ্রুত ১১ সদস্যের একটি ‘শান্তি মিশন টিম’ গঠন করে মিয়ানমারের সেনাপ্রধান ও দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ২০-দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিসের আহমেদ আবদুল কাদের, ন্যাপের জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।