দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ান : সরকারকে রওশন

ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, প্রাণহানি এড়াতে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারকে প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রওশন এ দাবি জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা মানুষের পক্ষে অসাধ্য। তবে মানুষ আগে থেকে সতর্ক থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। ঘূর্ণিঝড় প্রাকৃতিক বিপদ হলেও প্রযুক্তির কল্যাণে অাগে থেকে এটি শনাক্ত করা যায়। আর এ ক্ষেত্রে সরকারের কাজ হলো ঘূর্ণিঝড়ের বার্তা জনগণকে পৌঁছে দেওয়া এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। তিনি বলেন, সতর্কীকরণ কাজে বাংলাদেশ যথেষ্ট পরিমাণ সক্ষমতা অর্জন করেছে। উপকূলীয় এলাকায় কয়েক হাজার আশ্রয় কেন্দ্রও নির্মাণ করা হয়েছে। তবে মানুষের মাঝে এখনো আশানুরূপ সচেতনতা সৃষ্টি না হওয়ার কারণে প্রাণহানি ঠেকানো যাচ্ছে না। ঘূর্ণিঝড় রোয়ানুর বিষয়ে সতর্ক করে দেওয়ার পরও শুধু অসচেতনতায় বেশ কিছু প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সেই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন তিনি।
রওশন এরশাদ বলেন, বিশ্বের আবহাওয়া উষ্ণ হয়ে যাওয়ার ফলে বড়মাপের ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা এখন আগের চেয়ে বেশি। আর এই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ। ধনী রাষ্ট্রগুলোকে অতিরিক্ত কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে বাংলাদেশকে দুর্যোগ মোকাবিলায় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির মাধ্যমে সক্ষমতা গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।