নাটোর জেলা বিএনপির রাজনীতি আবর্তিত হচ্ছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ঘিরে। তিনি একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভর-বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি। তাঁর বাড়ির নিচতলায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়। বিএনপির অন্য সব সহযোগী সংগঠনের কর্মকাণ্ডও এই বাড়ি থেকে পরিচালিত হয় বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
একসময় নেতা-কর্মীদের পদচারণে গমগম করত বাড়িটি। কিন্তু এখন বিপরীত চিত্র। প্রধান ফটকে তালা ঝোলানো। আগের মতো নেই নেতা-কর্মীদের আনাগোনা। দলের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে। এর কারণ হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার ভয় ও প্রশাসনের চাপের মুখে দলের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাষ্য, ‘৫ জানুয়ারির পর থেকে আওয়ামী লীগ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমাদের ওপর স্টিম রোলার চালাচ্ছে। আমার দুই-তিনজন কর্মীকে তারা খুন করেছে। ওই খুনের ঘটনায় তারা বাদী হয়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। নেতা-কর্মীদের বাড়ি থেকে ডেকে এনে মাদকের মামলায় চালান দেওয়া হচ্ছে। আমার দুই শতাধিক নেতা-কর্মী এখনো কারাগারে।’
জেলা বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নাটোরে বিএনপির নেতৃত্ব-কর্তৃত্ব সবই দুলুর হাতে। তাঁর অন্তত ১৭ জন আত্মীয় দলের বিভিন্ন কমিটির গুরুত্বপূর্ণ পদে আছেন। দুলু একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ মাস কারাগারে ছিলেন। মুক্তি পাওয়ার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেন, তাঁর যেসব আত্মীয়স্বজন দলের পদে আছেন তাঁরা পরীক্ষিত নেতা। তাঁরা দলের আন্দোলন-সংগ্রামে মাঠে থাকেন বলেই নেতা হয়েছেন। এটাকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। ঢাকায় অবস্থানের বিষয়ে তিনি বলেন, তিনজন চিকিৎসকের তত্ত্বাবধানে ঢাকায় চিকিৎসা করাচ্ছেন তিনি।
অবশ্য দুলুর ভাই ও পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, নাটোরে থাকলেই মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করা হয়। তাই ইচ্ছা থাকলেও দুলু নাটোরে অবস্থান করতে পারেন না। তবে নেতা-কর্মীদের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন জানান, ২০০৯ সালের ১৮ ডিসেম্বর জেলা বিএনপির সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু টানা তৃতীয়বারের মতো সভাপতি হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন আমিনুল হক। এরপর ছয় বছর পার হলেও আর সম্মেলনের আয়োজন করা হয়নি।