দুশ্চিন্তায় আওয়ামী লীগের ২ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেয়া সারোয়ার, গোলাম কিবরীয়া, সাজেদুল হক খান
আলেয়া সারোয়ার, গোলাম কিবরীয়া, সাজেদুল হক খান

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয়। এর মধ্যে একটি ওয়ার্ডেই ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত চারজন প্রার্থী হয়েছেন। এতে দুশ্চিন্তায় আছেন দলটির প্রার্থীরা। এদিক থেকে বিএনপি নির্ভার। এই তিন ওয়ার্ডে দলটির কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

৩১ নম্বর ওয়ার্ড

মোহাম্মদপুরের ব্লক-ডি, ব্লক-ই, আজম রোড, জাকির হোসেন রোড, কাজী নজরুল ইসলাম রোড নিয়ে এই ওয়ার্ড। মোট ভোটার ৩৩ হাজার ১৯৩ জন। পুরুষ ভোটার ১৭ হাজার ৭২৮ জন ও নারী ভোটার ১৫ হাজার ৪৬৫ জন। আয়তন শূন্য দশমিক ৬২৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা দেড় লাখের বেশি।

ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন আলেয়া সারোয়ার (ডেইজী)। তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি। লাটিম প্রতীকের এই প্রার্থী বর্তমানে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর।

গত নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খানকে হারিয়ে জয় লাভ করেছিলেন সফিকুল ইসলাম। এবারও নির্বাচনে লড়ছেন জাতীয় পার্টির এই কেন্দ্রীয় নেতা।

তাঁর প্রতীক ঠেলাগাড়ি। শুদ্ধি অভিযান শুরুর পর তাঁকে কিছুদিন এলাকায় দেখা যায়নি। ডিএনসিসির ১২টি সভায় অনুপস্থিত থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সম্প্রতি আবার প্রকাশ্যে এসেছেন। দলীয় লোকজন নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচন নিয়ে কথা বলতে তাঁর মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

জানতে চাইলে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী আলেয়া সারওয়ার বলেন, ‘সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বে থেকে অনেক কাজ করতে পেরেছি। কোনো পার্ক ছিল না। টাউন হলে প্রচুর যানজট হতো। কিন্তু এখন যানজট হয় না। পার্কও করা হয়েছে। এ ছাড়া ওয়ার্ডে দুটি আধুনিক যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছে। বন্ধ করা হয়েছে মাঠের অবৈধ মেলা। মাদক সেবন, সন্ত্রাসী কার্যক্রম, ইভ টিজিং বন্ধে অন্ধকার জায়গাগুলোতে বাতি লাগিয়েছি।’

এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গোলাম কিবরীয়া ভূঁইয়া। তিনি অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন। তাঁর নির্বাচনী প্রতীক করাত। এ ছাড়া যুবলীগের নেতা তালাত আহম্মেদ রেডিও প্রতীকে, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা খোন্দকার এমরান ঘুড়ি প্রতীকে ও স্থানীয় আওয়ামী লীগের নেতা সোহেল রানা ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকে নির্বাচনের মাঠে সক্রিয় আছেন।

আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা বলছেন, এই ওয়ার্ডে কোনোবারই আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর প্রার্থী জিততে পারেননি। এবারও যদি বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকেন তাহলে দলের জন্য সেটা নেতিবাচক হবে।

আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গোলাম কিবরীয়া ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে তিনি ফুটপাত দখলমুক্ত করবেন। সড়ক ও ফুটপাতের উন্নয়ন করা হবে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও ইভ টিজিংমুক্ত আদর্শ ওয়ার্ড গড়ে তোলা হবে।

এই ওয়ার্ডে বিএনপির সমর্থন পেয়েছেন সাজেদুল হক খান। এয়ারকন্ডিশনার প্রতীকের এই প্রার্থী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সাজেদুল হক খান বলেন, নির্বাচিত হলে সরকারি কমিউনিটি সেন্টার নির্মাণ ও খেলার মাঠের আধুনিকায়ন করবেন। এ ছাড়া মাদক নির্মূল, সড়কবাতি স্থাপন ও দুই ভবনের মাঝের ময়লা–আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেবেন। ডিজিটাল ওয়ার্ড গড়ার লক্ষ্যে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই–ফাই সেবা চালু করবেন।

ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন হাছিনা মোরশেদ। তাঁর নির্বাচনী প্রতীক টিফিন ক্যারিয়ার।

৩২ নম্বর ওয়ার্ড

লালমাটিয়া ব্লক-এ, বি, সি, ডি, ই, এফ ও জি, নিউ কলোনি, আসাদ গেট, খিলজী রোড, বাবর রোড, গজনবী ও হুমায়ুন রোড, রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর ব্লক-এ, আসাদ অ্যাভিনিউ, ইকবাল রোড, স্যার সৈয়দ রোড, আওরঙ্গজেব রোড, পিসি কালচার নিয়ে এই ওয়ার্ড। মোট ভোটার ৩৭ হাজার ৩৫৮ জন। পুরুষ ভোটার ১৮ হাজার ৯৬৬ জন ও নারী ভোটার ১৮ হাজার ৩৯২ জন। আয়তন ১ দশমিক ৫৬১ বর্গকিলোমিটার। জনসংখ্যা পৌনে দুই লাখ।

ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাবিবুর রহমান এখন কারাগারে। শুদ্ধি অভিযান শুরুর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাঁকে আটক করে র‌্যাব।

ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন সৈয়দ হাসান নূর ইসলাম। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর নির্বাচনী প্রতীক ঠেলাগাড়ি। এখানে নির্বাচনী মাঠে আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এস এম সিমাও। রেডিও প্রতীকের এই প্রার্থী উর্দুভাষী। জেনেভা ক্যাম্প এলাকায় প্রায় ৯ হাজার ভোটার আছেন। তিনি নির্বাচন করলে ফলাফলে প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় নেতারা।

জানতে চাইলে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী সৈয়দ হাসান নূর ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি বছরব্যাপী জোরালোভাবে মশক নিধন কর্মসূচি চালাবেন। ওয়ার্ডের অন্যতম বড় সমস্যা মাদক। ওয়ার্ড থেকে মাদক নির্মূলে কাজ করবেন।

‘বিদ্রোহী’ প্রার্থী সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ–সমর্থিত এই প্রার্থী বলেন, তিনি দলীয় প্রধানের কথা অমান্য করছেন। তাই যাঁরা দলকে ভালোবাসেন, তাঁরা দল–সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন।

বক্তব্য জানতে এস এম সিমার মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।

ওয়ার্ডে বিএনপি–সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম। তিনি ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি। ব্যাডমিন্টন র‌্যাকেট প্রতীকের এই প্রার্থীর কোনো বিদ্রোহী নেই।

ওয়ার্ড নিয়ে আতিকুল ইসলামের পরিকল্পনার কথা জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। বিএনপির কয়েকজন স্থানীয় নেতা বলেন, তিনি নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক কিছু ঝামেলার মধ্যে আছেন। তাই ফোন বন্ধ।

এই ওয়ার্ডে এস এম হাসেম লাটিম ও জকির হাসান ঘুড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন।

৩৩ নম্বর ওয়ার্ড

বছিলা, ওয়াশপুর, কাটাসুর, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি ও বাঁশবাড়ী এলাকা নিয়ে এই ওয়ার্ড। মোট ভোটার ৬৫ হাজার ৫৩২ জন। পুরুষ ভোটার ৩৪ হাজার ২৮২ জন ও নারী ভোটার ৩১ হাজার ২৫০ জন। আয়তন ৫ দশমিক ৫৯২ বর্গকিলোমিটার। জনসংখ্যা পাঁচ লাখের বেশি।

ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব কারাগারে। গত ১৯ অক্টোবর র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে। আসিফ আহমেদকে এই ওয়ার্ডে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের এই সদস্যের নির্বাচনী প্রতীক ঘুড়ি।

আসিফ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন। খুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি। এ জন্য ওয়ার্ড নিয়ে তাঁর পরিকল্পনার কথা জানা যায়নি।

ওই ওয়ার্ডে বিএনপি সমর্থন দিয়েছে এম এস আহমাদ আলীকে। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর নির্বাচনী প্রতীক টিফিন ক্যারিয়ার। বিএনপির এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

আহমাদ আলী বলেন, ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা পয়োনিষ্কাশন, পানিনিষ্কাশন ও মশার উপদ্রব। নির্বাচিত হলে প্রথমেই এই সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। এলাকার পানিসংকট নিরসনে উদ্যোগ নেবেন।

এই ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খন্দকার হামিদুল হক লাটিম প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।