দুস্থ রোগীদের জন্য ছাত্রলীগের ২১০ ব্যাগ রক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আজ শুক্রবার সকালে দুস্থ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে সংগঠনটি। ছবি: সংগৃহীত
ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আজ শুক্রবার সকালে দুস্থ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে সংগঠনটি। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে সংগঠনটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই কর্মসূচিতে মোট ২১০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়; যা ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের গরিব, অসহায় ও দুস্থ রোগীদের জন্য প্রদান করা হয়।

আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। প্রথমে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রক্ত দিয়ে এ কর্মসূচি শুরু করেন। পর্যায়ক্রম কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

কর্মসূচির উদ্বোধন করে জাহিদ মালেক বলেন, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে ছাত্রলীগ। দেশের যেকোনো পরিস্থিতিতে এ সংগঠনের নেতা-কর্মীরা গরিব ও অসহায় রোগীদের জন্য নিজের শরীরের রক্ত দান করে আসছে। ছাত্রলীগের এ মহতী উদ্যোগে দেশ ও জাতি উপকৃত হচ্ছে।

ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আর্তমানবতার সেবায় নিজের শরীরের রক্ত দান করে আসছেন। বছরে দুই থেকে তিনবার আমরা এ ধরনের কর্মসূচি পালন করে থাকি।

রক্তদান করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছবি: সংগৃহীত
রক্তদান করছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম বছরেই শুধু নয়, সব সময় এ ধরনের কর্মসূচি আমরা পালন করে থাকি। ছাত্রলীগের এ ধারা অব্যাহত থাকবে।’

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালনে সহযোগিতা করেন।