দু-এক দিনের মধ্যে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়েছেন মকবুল আহমাদ। দু-এক দিনের মধ্যে তিনি আমির হিসেবে শপথ নেবেন। এরপর দলটি নতুন আমিরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র গতকাল রোববার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছে।
মকবুল আহমাদ এখন দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বে আছেন। তিনি আমির হিসেবে শপথ নেওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে সেক্রেটারি জেনারেল মনোনীত করবেন। নায়েবে আমির শফিকুর রহমান দলের নতুন সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।
জামায়াতের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, জামায়াতের দলীয় নির্বাচন কমিশন গত শনিবার থেকে কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিশে শুয়রার সদস্যদের ভোটের ফলাফল জানাতে শুরু করেছে। তবে মকবুল কত ভোট পেয়ে জয়ী হয়েছেন, তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান ও শফিকুর রহমান কত ভোট পেয়েছেন—তা প্রকাশ করা হয়নি। নির্বাচন কমিশনার ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুল হালিম প্রথম আলোকে বলেন, নবনির্বাচিত আমির দু-এক দিনের মধ্যে শপথ নেবেন। শপথ পড়াবেন দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম।
নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ নেবেন মকবুল আহমাদ। এর আগে গোলাম আযম ও মতিউর রহমান নিজামী আমির হিসেব দলের দায়িত্ব পালন করেছিলেন। তাঁরা দুজনই একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত। এর মধ্যে গোলাম আযম সাজা ভোগ করা অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করেন। আর নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে।
জামায়াত গত জুলাই থেকে গোপনে আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। দলটির সারা দেশের ৪২ হাজার রুকন (শপথধারী সদস্য) ভোট দিয়ে আমির নির্বাচন করার কথা। নেতাদের অনেকে কারাগারে, অনেকে পলাতক। এ অবস্থায় কতজন ভোট দিয়েছেন তা জানা যায়নি।