দূরত্ব ঘোচাতে চট্টগ্রামের আ.লীগ নেতারা ঢাকায়
তৃণমূলের সম্মেলন নিয়ে নিজেদের মধ্যে সৃষ্ট দূরত্ব কমাতে কেন্দ্রের ডাকে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঢাকায় পৌঁছেছেন। আজ শনিবার বিকেলে তাঁরা ঢাকায় পৌঁছান। আগমীকাল সকালে জাতীয় সংসদ ভবনে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নগর কমিটির নেতাদের বৈঠকের কথা রয়েছে।
নগর আওয়ামী লীগের ইউনিট ও ওয়ার্ড সম্মেলন নিয়ে শীর্ষ নেতাদের এই বিভক্তি দেখা দেয়। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ইউনিট সম্মেলন নিয়ে নগর কমিটির শীর্ষ নেতারা গত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কেন্দ্রে একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগে তাঁরা নগরের ইউনিট সম্মেলনে গঠনতান্ত্রিক নিয়ম না মানা এবং সদস্য করার ক্ষেত্রে যাচাই-বাছাই করা হয়নি বলে দাবি করেন। ঢাকায় উপস্থিত হয়ে তাঁরা কেন্দ্রীয় নেতাদের মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগকারী পক্ষটি প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলয়ের হিসেবে পরিচিত। শিক্ষা উপমন্ত্রী মহিউদ্দিনপুত্র মহিবুল হাসান চৌধুরী তাঁদের সঙ্গে রয়েছেন।
তাঁদের অভিযোগের তির অপর পক্ষের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের দিকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে ইউনিট ও ওয়ার্ড সম্মেলন স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। এরপর দুই পক্ষের দূরত্ব কমাতে ঢাকায় রোববারের এই বৈঠক ডাকা হয়।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, বড় সংগঠন হিসেবে নিজেদের মধ্যে কিছু বিষয়ে দ্বিমত হতে পারে। সম্মেলনগুলো কীভাবে করা হবে, সে বিষয়ে কথা বলতে শীর্ষ নেতাদের ঢাকায় ডাকা হয়েছে।
আগামীকালকের বৈঠকে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক পর্যন্ত সব নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সে লক্ষ্যে আজ তাঁরা ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, তিন সহসভাপতি—করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ও আলতাফ হোসেন চৌধুরী, সিটি যুগ্ম সম্পাদক সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এবং যুগ্ম সম্পাদক বদিউল আলম ঢাকায় গেছেন বলে জানা গেছে।
জানতে চাইলে সহসভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ঢাকায় পৌঁছেছি। আগামীকাল বৈঠক হবে। কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দেবেন কীভাবে আমরা এগোব। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই। মতপার্থক্য রয়েছে। দলের সব অনুষ্ঠান আমরা একসঙ্গে বসে করি।’
ঢাকার সভায় নিজেদের অবস্থান কী হবে, তা নির্ধারণ করতে এর আগে নিজেদের মধ্যে দুই দফা রুদ্ধদ্বার বৈঠকও করেছে অভিযোগকারী পক্ষটি। ওই বৈঠকে মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।