সংবিধানের ১৬তম সংশোধনী নিয়ে আদালতের চূড়ান্ত রায় থেকে দৃষ্টি অন্যদিকে সরাতেই কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়টা হলো। তারপরেই কিন্তু ফরহাদ সাহেবের এ ঘটনাটা ঘটল। অর্থাৎ ডাইভারশন (ভিন্ন খাতে প্রবাহিত করা)। এটা হচ্ছে আমাদের স্পেকুলেশনস (অনুমান)।’
গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা যদি না করে থাকেন, জড়িত না থাকেন, সত্যটা বের করেন।’
গত সোমবার আপিল বিভাগ সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন। ওই দিনই অপহরণের শিকার হন ফরহাদ মজহার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব নিজের ৮৬টি মামলার কথা উল্লেখ করে বলেন, ‘৩৬টা মামলার চার্জশিট হয়ে গেছে। খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে কোর্টে যেতে হয়। কী অপরাধ তাঁর? কার কাছে বলব, কোথায় যাব। কী আর করবে, বাকি রেখেছে কী? এখন শুধু জানটা নিয়ে নেওয়া বাকি।’