দৃষ্টি ঝাপসা করতে মাহফুজ আনামকে নিয়ে হইচই: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে জনগণর চোখ ঝাপসা করতে ইংরেজি পত্রিকা ‘ডেইলি স্টার’ ও এর সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে সরকার হইচই করছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নে সরকারদলীয়রা বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি। তবে এর সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি।
রিজভী অভিযোগ করেন, আসন্ন ইউপি নির্বাচনে নিজেদের প্রার্থীদের জেতাতে সরকার যে ভয়ংকর সন্ত্রাসী তৎপরতা তারা চালাবে, সেটিকে ঢাকা দেওয়ার জন্যই বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কখনো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি, মিথ্যা মামলায় অভিযোগপত্র প্রদান এবং প্রতিদিনই মিথ্যা মামলায় বিএনপিরে নেতা-নেত্রীদের নামে চার্জশিট দাখিলের মাধ্যমে শাস্তির ভয় দেখিয়ে প্রধানমন্ত্রীসহ আওয়ামী মন্ত্রীদের প্রতিদিন বিভিন্ন সংবাদমাধ্যমে আস্ফালন, আবার কখনো ‘ডেইলি স্টার’ ও এর সম্পাদক মাহফুজ আনামকে নিয়ে তাদের হইচই। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইউপি নির্বাচন নিয়ে জনগণের চোখকে ঝাপসা করা।

রিজভী দাবি করেন, ইউপি নির্বাচনের নামে ভিন্ন পন্থায় বাকশালি শাসন ব্যবস্থা চূড়ান্ত করার মহড়া দিচ্ছে সরকার। সেই কারণেই ইউপি চেয়ারম্যান পদ তারা একচেটিয়া দখলে নেওয়ার জন্যই দলীয় প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচন করাচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র।
ফখরুলের ফেসবুক অ্যাকাউন্ট নেই
রিজভী অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে চালানো হচ্ছে। এর সঙ্গে মির্জা ফখরুলের কোনো সংশ্লিষ্টতা বা সম্পর্ক নেই। তা ছাড়া তাঁর কাছ থেকে এ বিষয়ে কোনো অনুমতিও কেউ নেয়নি। সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যেই কিছু অসাধু ব্যক্তি এই ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে। অবিলম্বে এটি বন্ধ না করলে আইনগত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাউন্সিল প্রস্তুতি
বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিলের প্রস্তুতিও তুলে ধরেন রিজভী। তিনি জানান, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক উপ-কমিটি কোন কোন দেশে আমন্ত্রণ পাঠাবে, সেটি চূড়ান্ত করেছে। আগামী কাউন্সিলে শতকরা ৯০ ভাগ কাউন্সিলরের তালিকা প্রস্তুত হয়েছে। শোক প্রস্তাবের জন্য তালিকার কাজ শতকরা ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রচারের জন্য অন্যান্য মাধ্যমের সঙ্গে ইন্টারনেট, ফেসবুকে সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ব্যবহার করা হবে।